রাজ্য জুড়ে পুলিশে রদবদল, ১০৮ ইন্সপেক্টর বদলির বিজ্ঞপ্তি

 


রাজ্য জুড়ে একসঙ্গে ১০৮ জন পুলিশ ইন্সপেক্টরের রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার রাজ্য পুলিশের তরফে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে এই ব্যাপক বদলির কথা জানানো হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—প্রায় সব জেলার একাধিক থানায় আইসি, সার্কেল ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর, ডিআইবি-সহ বিভিন্ন পদে কর্মরত অফিসারদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বদলি “জনস্বার্থে” এবং “প্রশাসনিক প্রয়োজনেই” করা হয়েছে। সংশ্লিষ্ট অফিসারদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ একাধিক জেলায় এই রদবদল কার্যকর হয়েছে।




প্রথম দফার তালিকাতেই, পূর্ব মেদিনীপুরে একাধিক গুরুত্বপূর্ণ থানায় রদবদল হয়েছে। চন্দ্রশেখর ঘোষালকে পুর্ব মেদিনীপুর ডিআইবি থেকে দিঘা থানার আইসি করা হয়েছে। দিঘা থানার আইসি কম্তান রায়কে পাঠানো হয়েছে পুর্ব মেদিনীপুর ডিআইবিতে। কাঁথি থানার আইসি দেবাশিস সরকারকে ট্রাফিক ইন্সপেক্টর, পুর্ব মেদিনীপুর করা হয়েছে, আর তমলুক থানার আইসি পবিত্র কুমার গঙ্গোপাধ্যায়কে কাঁথির সিআই পদে পাঠানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরেও একাধিক গুরুত্বপূর্ণ বদলি হয়েছে। কেশিয়াড়ি, গোয়ালতোড়, দান্তন, খড়গপুর টাউন-সহ একাধিক থানায় নতুন আইসি দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি ডিআইবি, ডিইবি, এসসিআরবি, সিআইডি, ট্রাফিক হেডকোয়ার্টার, এমনকি শিয়ালদহ জিআরপি-তেও অফিসার বদলি করা হয়েছে।

প্রশাসনিক মহলের মতে, জেলার থানাগুলিতে কাজের গতি বাড়ানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্ত হাতে সামলানো এবং মাঠপর্যায়ের পুলিশি নজরদারি জোরদার করতেই এই বড়সড় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসঙ্গে এত সংখ্যক ইন্সপেক্টর পর্যায়ের অফিসারের বদলি স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের অন্দরে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال